১৭ বছরের দাম্পত্যজীবন,‘চুক্তির বিয়ে’সহ নানা গুজবে ক্লান্ত অভিষেক।
বলিউডে ২৫ বছর পার করা অভিষেক বচ্চন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “দীর্ঘ দাম্পত্যজীবনে অনেক গুঞ্জন সয়ে এসেছি। একসময় এসব পাত্তা দিতাম না। কিন্তু এখন কষ্ট লাগে—কারণ আমার পরিবার আছে।”
সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক সবসময়ই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চান। তবে এবার কিছুটা বিরক্তিই প্রকাশ করেছেন তিনি। বলেন, “আমি যতই কিছু ব্যাখ্যা দিই, মানুষ সত্যিটা জানতে চায় না। নেতিবাচক জিনিসই বিক্রি হয় বেশি।”
‘চুক্তির বিয়ে’ সংক্রান্ত প্রশ্নে অভিষেক আরও বলেন, “ঐশ্বর্য আর আমাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, বলা হয়েছে। আমি বুঝে গেছি, অনেক সময় কিছু না বলাই সবচেয়ে ভালো প্রতিক্রিয়া। আমার দায়িত্ব তো শুধুই তাদের প্রতি, যারা আমার জীবনের অংশ।”
২০০৭ সালে ঐশ্বরিয়াকে বিয়ে করেন অভিষেক। ২০১১ সালে জন্ম নেয় তাদের কন্যা আরাধ্য। দীর্ঘ এই পথচলায় যতই জল্পনা-কল্পনা হোক, নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলা থেকে বিরতই থেকেছেন তারা দুজন।
মতামত দিন