বিনোদন
ছবি: সংগৃহীত

চঞ্চল-ঋতুপর্ণার প্রথম জুটি, 'ত্রিধারা'য় বদলে যাবে তিনটি জীবন।

নিজস্ব প্রতিবেদক:

২৫ বছর আগের একটি ঘটনার জেরে মোড় ঘুরে যায় তিনটি জীবনের।সেই অতীত কীভাবে ফিরে এসে সব হিসেব পাল্টে দেয়, এমন গল্প নিয়েই পরিচালক অমিতাভ ভট্টাচার্য তৈরি করছেন তার পরবর্তী চলচ্চিত্র ‘ত্রিধারা’।

এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসতে পারেন চঞ্চল চৌধুরী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদের সঙ্গে থাকছেন কৌশিক গাঙ্গুলিও।

তবে ছবিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে বলেন, “গল্পটা চমৎকার। কথা হয়েছে, কিন্তু এখনও কিছু চূড়ান্ত নয়। সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটা এখনও শুরু হয়নি। তবুও আশাবাদী আমরা একসঙ্গে কাজটি করব।”

ঋতুপর্ণাও একই সুরে বলেন, “এমন একটি ছবির পরিকল্পনা করা হচ্ছে ঠিকই, তবে এখনো অনেক কিছু  নির্ভর করছে সময় ও পরিস্থিতির ওপর। সব কিছু মিলে গেলে কাজ শুরু হবে।”

এদিকে সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া চঞ্চল অভিনীত ‘উৎসব’ সিনেমাটি এখনো দর্শক টানছে। মুক্তির পর কেটে গেছে বিশ দিন, তবুও হলগুলোতে চলছে ছবিটি। পাশাপাশি, ‘ইনসাফ’ ছবিতে তার সংক্ষিপ্ত উপস্থিতিও  প্রশংসা কুড়িয়েছে।

সব মিলিয়ে ‘ত্রিধারা’ নিয়ে আগ্রহ বাড়ছে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে। এখন দেখার বিষয়, বহু প্রতীক্ষিত এই চঞ্চল-ঋতুপর্ণা জুটি আদৌ বাস্তবায়িত হয় কি না।

মতামত দিন