বিনোদন
ছবি: সংগৃহীত

সিনেমা এখন আর সাধারণ মানুষের নয়: ক্ষোভ জানালেন আমির খান।

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান প্রেক্ষাগৃহ ব্যবসা এবং সিনেমা দেখার ব্যয়বহুল ব্যবস্থার সমালোচনা করেছেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জামিন পার’ নিয়ে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজকের দিনে সাধারণ মানুষের পক্ষে সিনেমা হলে যাওয়া আর সহজ নেই।

আমির জানান, “আমি যখন অভিনয় শুরু করি, তখন কেবল সিঙ্গেল স্ক্রিন হল ছিল। দিনে চারটি শো চলত। ধীরে ধীরে মাল্টিপ্লেক্স চালু হয়, আর এখন সেগুলোই সিনেমা দেখার প্রধান মাধ্যম। কিন্তু এগুলো শহরের ব্যয়বহুল মলগুলোতে হওয়ায় রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি, ফলে টিকিটের দামও আকাশছোঁয়া।”

তিনি বলেন, একসময় সিনেমাকে গণমাধ্যম বলা হতো কারণ সবাই তা দেখতে পারত। “আজ সেটা আর নেই। সাধারণ মানুষ এখন সিনেমা থেকে দূরে সরে যাচ্ছে,”— বলেন আমির।

এই অবস্থা থেকে উত্তরণে বিকল্প হিসেবে ‘লো-কস্ট সিনেমা হল’ স্থাপনের পরামর্শ দেন তিনি। আমির বলেন, “চীনে যেখানে ৯০ হাজার স্ক্রিন, আমেরিকায় ৩৫ হাজার— সেখানে ভারতের মতো একটি দেশ কেন এই  দিক থেকে এতটা পিছিয়ে থাকবে?”

তিনি মনে করেন, কম খরচে সিনেমা হল নির্মাণ করা গেলে সেটি শুধু দর্শকের জন্য নয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই উপকারী হবে।

সাক্ষাৎকারে আমির খান স্পষ্ট করে জানান, “আমি অভিযোগ করছি না, তবে বাস্তবতাটা তুলে ধরছি— আজ সিনেমা আর আগের মতো সবার জন্য নেই।”

মতামত দিন