চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালা।
রাতেই তড়িঘড়ি করে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে শেফালিকে স্মরণ করছেন শ্রদ্ধাভরে।
২০০২ সালে ‘ডিজে ডল’ অ্যালবামে ‘কাঁটা লাগা’ গানের রিমিক্সের মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন শেফালি। তার ঝলমলে উপস্থিতি এবং বোল্ড স্টাইলের কারণে গানে নতুন মাত্রা যোগ হয়েছিল। পরবর্তীতে তিনি সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি ৩৫টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
টেলিভিশন রিয়ালিটি শো ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। সেখানেও তার ব্যক্তিত্ব ও স্পষ্ট বক্তব্য নজর কেড়েছিল দর্শকদের।
শেফালির অকালপ্রয়াণে তার পরিবার, সহকর্মী এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বলিউড আরও এক প্রতিভাকে হারাল, যিনি নিজস্ব ঢঙে জায়গা করে নিয়েছিলেন কোটি ভক্তের হৃদয়ে।
মতামত দিন