‘প্রজাপতি ২’ থেকে বাদ তাসনিয়া ফারিণ, দেবের বিপরীতে থাকছেন নতুন মুখ।
কলকাতার আলোচিত সিনেমা ‘প্রজাপতি’-এর সিক্যুয়েল ‘প্রজাপতি ২’ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার পরিবর্তে দেবের বিপরীতে এবার দেখা যাবে ওপার বাংলার ছোট পর্দার নবাগত অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে।
সদ্য ছবির প্রস্তুতিমূলক বৈঠকে ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী, প্রধান অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। সব কিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসেই শুরু হবে ‘প্রজাপতি ২’-এর শুটিং।
গত বছর আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা আসার সময় দেবের বিপরীতে তাসনিয়া ফারিণের নামই চূড়ান্ত হয়েছিল। কিন্তু সময়ের পরিবর্তনে বদল আসে পরিস্থিতিতে। সূত্র জানায়, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে কিছু ভিসা জটিলতা তৈরি হয়, যার কারণে ভারতে ফারিণের যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত পরিচালক নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
এই পরিস্থিতিতে ছোট পর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডুকে সিনেমাটিতে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা। তিনিও প্রথমবার বড়পর্দায় নাম লেখাচ্ছেন।
উল্লেখ্য, প্রথম ‘প্রজাপতি’ সিনেমাটি পশ্চিমবঙ্গে বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে এর সিক্যুয়েল। তবে নায়িকা বদলের এই সিদ্ধান্ত কতটা সফল হয়, তা সময়ই বলে দেবে।
মতামত দিন