বিনোদন
ছবি: সংগৃহীত

কারাগারে বিয়ে, আদালতে জামিন, এবার বাবা হতে যাচ্ছেন নোবেল।

নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন গায়ক মাঈনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এদিন আদালতে উপস্থিত ছিলেন নোবেল ও মামলার বাদী ইসরাত জাহান প্রিয়া, যিনি বর্তমানে নোবেলের স্ত্রী। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়ে কথা বলেন তারা। বিচারকের প্রশ্নে প্রিয়া জানান, নোবেলের জামিনে তার কোনো আপত্তি নেই। উভয়পক্ষের আইনজীবীরাও জানান, এটি একটি ভুল বোঝাবুঝির ঘটনা ছিল, যা পারিবারিকভাবে মীমাংসা হয়েছে।

এরপরই আদালত জামিন মঞ্জুর করেন। শুনানির শেষে তাদের আইনজীবীরা সাংবাদিকদের জানান, এই দম্পতির ঘরে শিগগিরই নতুন অতিথি আসছে। অর্থাৎ নোবেল ও প্রিয়া বাবা-মা হতে যাচ্ছেন।

প্রসঙ্গত, মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আয়োজিত এ বিয়েতে দুই পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিয়েতে দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা।

কারাগারে বিয়ে, জামিন এবং সন্তানের আগমন—এই তিনটি ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনাটিকে ভালোবাসার নিদর্শন হিসেবে দেখলেও, কেউ কেউ কারাবন্দি অবস্থায় বিয়ের নৈতিকতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

জামিনের পরও নোবেল এখনও গণমাধ্যমের মুখোমুখি হননি। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়েও প্রিয়া আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে আপাতত সবকিছু ছাপিয়ে তাদের জীবন যেন এক নতুন মোড় নিচ্ছে।

মতামত দিন