বিনোদন
ছবি: সংগৃহীত

‘তাণ্ডব’ পাইরেসি নিয়ে ক্ষুব্ধ শাকিব খান: এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র।

নিজস্ব প্রতিবেদক:

পাইরেসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির কিছুদিনের মধ্যেই সিনেমাটির অননুমোদিত অনলাইন প্রচার নিয়ে সরব হয়েছেন প্রযোজক ও সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে প্রযোজক শাহরিয়ার শাকিলের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনজন। আদালত তাদের রিমান্ডে পাঠিয়েছেন। এমন পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ছবির প্রধান অভিনেতা শাকিব খান।

রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে আয়োজিত ‘তাণ্ডব’–এর একটি বিশেষ প্রদর্শনীতে  অংশ নিয়ে পাইরেসি নিয়ে সরব হন ঢালিউডের শীর্ষ তারকা। তিনি বলেন, “বাংলা সিনেমা আজ  আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাচ্ছে, সম্মানের সঙ্গে বিশ্বে অবস্থান তৈরি করছে। এমন সময় একটি চক্র  আমাদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। যে ছবি জনপ্রিয় হচ্ছে, যেটি দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে, সেটিকেই পরিকল্পিতভাবে পাইরেসির শিকার করা হচ্ছে।”

শাকিব আরও বলেন, “আমি মনে করি, এটা শুধু চলচ্চিত্রশিল্পের বিরুদ্ধে নয়, বরং দেশের সম্মান ও সংস্কৃতির বিরুদ্ধেও একটি বড় ষড়যন্ত্র। আমাদের সিনেমা এগিয়ে যাওয়ার মুহূর্তে এভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

অনুষ্ঠানে ‘তাণ্ডব’ সিনেমাটি প্রেক্ষাগৃহে বসে নিজেও উপভোগ করেন শাকিব। মুক্তির পর এই প্রথম তিনি হলে গিয়ে সিনেমাটি দেখেন। দর্শকের ভালোবাসায় মুগ্ধ শাকিব বলেন, “পাইরেসির পরও দর্শক হলে এসে  সিনেমাটি দেখছেন, এটি একটি সংগ্রাম। বাংলা সিনেমাকে রক্ষা করতে হলে, প্রতিটি নাগরিককে পাইরেসির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।”

তিনি দর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান এই সহায়তার জন্য। বলেন, “এখনও হাউসফুল যাচ্ছে আমাদের শো। এটাই প্রমাণ করে, সিনেমা বাঁচাতে মানুষের ইচ্ছাশক্তি কতটা দৃঢ়।”

বিশেষ প্রদর্শনীতে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, নির্মাতা রেদওয়ান রনি, অভিনেতা গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর,  সালাহউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, এ কে আজাদ সেতু ও সুমন আনোয়ারসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানটি ছিল পাইরেসির বিরুদ্ধে একাত্মতা প্রকাশের একটি স্পষ্ট বার্তা।

মতামত দিন