'আমি আম ব্যবসায়ী নই', বিরক্ত ওমর সানী।
ওমর সানী বলেন, “কে বা কারা আমাকে আম ব্যবসায়ী বানিয়ে দিয়েছে! আমি কাউকে বলিনি যে আমের ব্যবসা করছি। এটা একধরনের ভুল তথ্য ছড়ানো।”
মূলত তাঁর এক আত্মীয় আমের ব্যবসার সঙ্গে যুক্ত, আর তাঁকে সমর্থন জানিয়ে কিছু প্রচারণায় সহযোগিতা করেছেন তিনি। ওমর সানী বলেন, “আমার এক আত্মীয় আমের ব্যবসা করছেন। আমি শুধু তাঁকে একটু সাপোর্ট দিয়েছি, এটা বড় কোনো ব্যাপার নয়। আমি তো নিজের নামে কিছু বিক্রি করিনি।”
তবে ভবিষ্যতে ব্যবসা হিসেবে আম বেচাকেনায় আগ্রহ প্রকাশ করতেও দ্বিধা করেননি এই তারকা। তাঁর ভাষায়, “মন চাইলে করতেও পারি। ব্যবসা তো খারাপ কিছু নয়। যেটা সৎভাবে করব, সেটা নিয়ে লজ্জিত হওয়ার কিছু দেখি না।”
সম্প্রতি ফেসবুকে একটি আম বিক্রির ভিডিও শেয়ার করেন ওমর সানী। যেখানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফরমালিনমুক্ত আম সরবরাহের আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে মানুষের ধারণা হয়, তিনিই এই ব্যবসার সঙ্গে যুক্ত। আর সেখান থেকেই মূলত তৈরি হয়েছে বিভ্রান্তি।
চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেও ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ওমর সানী। ঢাকার বাইরে তাঁর রেস্টুরেন্ট ভালো সাড়া পাচ্ছে বলেও জানান তিনি।
মতামত দিন