বিনোদন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মাহিয়া মাহি, ‘বিদায়’ বার্তায় রহস্যের ছায়া।

নিজস্ব প্রতিবেদক:

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করেই  তিনি বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোট্ট বার্তা পোস্ট করেন, যা ঘিরে দৃষ্টিগোচর হয়েছে ভক্ত ও নেটিজেনদের।

স্ট্যাটাসে মাহি লেখেন, “সব ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।” সঙ্গে ছিল ফ্লাইটের ভেতরে তোলা বেশ কয়েকটি ছবি। এতেই অনেকে ধরে নেন, অভিনেত্রী হয়তো দেশ ছাড়লেন চিরতরে। পোস্টটি মুহূর্তেই সামাজিক  মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

তবে এ বিষয়ে মাহি নিজেই কিছুটা ব্যাখ্যা দিয়েছেন। গণমাধ্যমে তিনি জানান, “আমি স্থায়ীভাবে দেশ ছাড়িনি। আমার সন্তান বাংলাদেশেই রয়েছে। নিউ ইয়র্ক এবং আশপাশের কিছু জায়গা ঘুরে আবার ফিরবো।”

তিনি আরও জানান, “অনেক দিন আগে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছিলাম। সময় হয়ে উঠছিল না, এবার সময় বের করে এলাম।”

তবে ‘বিদায়’ শব্দটি কেন ব্যবহার করেছেন—সেই প্রশ্নে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি মাহি।

প্রসঙ্গত, মাহিয়া মাহি ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার ঝুলিতে রয়েছে একাধিক দর্শকপ্রিয় ছবি। সাম্প্রতিক সময়ে রাজনীতির প্রতিও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

মতামত দিন