শাকিব খানকে ঘিরে বিতর্কে বিরক্ত অপু বিশ্বাস, দিলেন খোলামেলা বার্তা।
বাবা দিবস উপলক্ষে শাকিব খান এবং সন্তানদের নিয়ে ফেসবুকে পোস্ট দেন অপু ও বুবলী। এরপর থেকেই সামাজিক মাধ্যমে চলে নানা জল্পনা-কল্পনা ও তুলনামূলক বিশ্লেষণ। অনেকেই মন্তব্য করেছেন,একজন নায়িকা কিছু পোস্ট করলেই যেন অন্যজন তার জবাব দিতে বাধ্য হন।
এই পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাস সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। রোববার (১৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অপু লেখেন,
“প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, লক্ষ্য করছি,যখনই আমি আমার ব্যক্তিগত মুহূর্ত বা ছেলের সঙ্গে সময় কাটানোর কিছু স্মৃতি শেয়ার করি, তখন অপ্রাসঙ্গিকভাবে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এটা খুবই হতাশাজনক।”
তিনি আরও লেখেন, “আমি একজন মা, শিল্পী ও উদ্যোক্তা। ক্যামেরার বাইরেও আমার একটা জীবন আছে, যেটা সাধারণ অন্য নারীদের মতোই। আমার জীবনের বিভিন্ন অধ্যায় সম্পর্কে দর্শকেরা জানেন। আমি যা করি, সবই আমার সন্তানের কল্যাণের জন্য। কারও এতে অস্বস্তি হলে তা আমার দায় নয়।”
অপু বিশ্বাস বলেন, বারবার দেখে আসছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন ইচ্ছাকৃতভাবে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়। “আমি স্পষ্ট করে বলতে চাই, এই অসুস্থ প্রতিযোগিতায় আমি নেই। সম্মান অর্জন করতে হয়—অন্যকে নিচু দেখিয়ে নয়।”
তিনি আরও বলেন, “আমি এখন থেকে শুধুই নিজের কাজ, সন্তান এবং ভক্তদের সময় দিতে চাই। আমি কারো প্রতিদ্বন্দ্বী হতে আসিনি। নিজের জায়গাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভক্তদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ।”
এই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে। মাত্র কয়েক ঘণ্টায় দেড় লাখের বেশি রিয়্যাকশন, ২০ হাজারেরও বেশি মন্তব্য এবং সহস্রাধিক শেয়ার দেখা গেছে।
অপু বিশ্বাসের এই সরাসরি বক্তব্য নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন—এটি নতুন করে দ্বন্দ্ব উসকে দিতে পারে। তবে অপু যে প্রকাশ্যে অসুস্থ প্রতিযোগিতা থেকে নিজেকে দূরে রাখার ঘোষণা দিয়েছেন, সেটি পরিষ্কার।
মতামত দিন