‘নীলচক্র’-তে মন্দিরা-শুভর রসায়নে মাতোয়ারা দর্শক, ছড়িয়ে পড়েছে বিয়ের গুঞ্জন।
‘নীলচক্র’ মুক্তির পর থেকে শুভ-মন্দিরার জুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। প্রচারণা কার্যক্রমে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ, হাসি-ঠাট্টা এবং পারস্পরিক বোঝাপড়ার দৃশ্য ভাইরাল হয়ে পড়ে। অনেকে মজার ছলে মন্তব্য করেন, বাস্তব জীবনেও যেন এই জুটি এক হয়ে যায়। এমনকি একধরনের ট্রেন্ডই শুরু হয়—“আপনারা বিয়ে করে ফেলুন!”
এসব মন্তব্য মন্দিরার কাছেও পৌঁছেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, “এটা আমার মাত্র দ্বিতীয় সিনেমা, অথচ দর্শকদের এমন উষ্ণ প্রতিক্রিয়া পেয়ে আমি অভিভূত। যারা আমাদের জুটিকে এতটা ভালোবাসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।”
তবে শুভর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে ছড়ানো গুঞ্জনের ব্যাপারে তিনি স্পষ্ট ভাষায় জানান, “শুভ ভাই একজন দারুণ অভিনেতা, তার অভিনয় আমার অনুপ্রেরণা। কিন্তু বাস্তব জীবনে আমাদের মধ্যে প্রেম বা অন্য কোনো সম্পর্ক নেই।”
‘নীলচক্র’ মূলত একটি রহস্যঘেরা বাণিজ্যিক সিনেমা, যেখানে খুনের তদন্তের পাশাপাশি উঠে এসেছে তরুণদের মানসিক সংকট, ডিজিটাল আসক্তি, টিকটক সংস্কৃতি, নারী পাচার ও আত্মহত্যার মতো সমসাময়িক ইস্যু।

মতামত দিন