ঈদে ‘তাণ্ডব’-এর জয়জয়কার মাল্টিপ্লেক্সে, দুরবস্থায় সিঙ্গেল স্ক্রিন হলগুলো।
ঢাকার কাছাকাছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রাজিয়া সিনেমা হলে ‘তাণ্ডব’ প্রদর্শিত হলেও দর্শকসাড়া আশানুরূপ নয়। হলের ব্যবস্থাপক মো. আমিন জানান, “প্রথম দুই দিন ভালো দর্শক এসেছিলেন। কিন্তু এরপর থেকে প্রতি শোয়ে ২০-২৫ জনের বেশি দর্শক পাওয়া যাচ্ছে না। এত কম দর্শকে আমরা হতাশ। ঈদের সময় লোকসান গুণতে হবে—এটা কল্পনাও করিনি।”
লোকসানের কারণ হিসেবে তিনি বলেন, “ছবিটা ভালো, তবে একে পুরোপুরি বাণিজ্যিক বলা যায় না। দর্শক যেমন ‘আইটেম গান’ চান, সাড়াজাগানো ভিলেন চান—সেই উপাদানগুলো নেই ছবিটিতে। পুরো সিনেমা একাই টেনেছেন শাকিব খান। কিন্তু তাঁর বাইরেও দর্শক ধরে রাখার মতো কিছু দরকার ছিল।”
তিনি আরও জানান, বেশি রেন্টালে ছবিটি এনে এখন লোকসানের মুখে পড়তে হয়েছে, যা ঈদের মতো সময়ে হলে মালিকদের জন্য বড় ধাক্কা।
একই রকম পরিস্থিতির কথা জানিয়েছেন নওগাঁর দেলুয়াবাড়ি এলাকার ফাইভ স্টার সিনেমা হল কর্তৃপক্ষও। তারা জানান, দর্শকসংখ্যা আশানুরূপ না হওয়ায় এক পর্যায়ে ‘তাণ্ডব’ নামিয়ে অন্য সিনেমা চালানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। “ছবিটি প্রচুর রেন্টালে চালানো হচ্ছিল, কিন্তু দর্শক আসছিল না। ফলে আর্থিক ক্ষতির শঙ্কায় ছবিটি সরিয়ে ফেলেছি,”—জানিয়েছেন হল কর্তৃপক্ষ।
‘তাণ্ডব’ পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফী। ছবিতে শাকিব খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন সাবিলা, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ অনেকে।
সিনেমাটির মাল্টিপ্লেক্সে তুলনামূলক ভালো ব্যবসা হলেও সিঙ্গেল স্ক্রিন হলে দর্শকসংখ্যা কমে যাওয়ায় অনেক হলেই ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। ঈদের মতো উৎসবের মৌসুমেও হলে দর্শক ফেরাতে না পারা দেশের সিনেমা শিল্পের বর্তমান সংকটকেই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

মতামত দিন