গাছতলায় শুয়ে থাকা সেই সমু চৌধুরী: কী ঘটেছিল, এখন কোথায় এই অভিনেতা?
ছবিগুলো ভাইরাল হতেই দর্শক-ভক্তদের মধ্যে তৈরি হয় উদ্বেগ ও নানা রকম মন্তব্য। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয় এবং নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে।
তবে রাত পেরোতেই ঘটনাটির প্রকৃত চিত্র পরিষ্কার হয়ে আসে।অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, খবর পেয়েই সংগঠনটি স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে এবং সমন্বয়ের মাধ্যমে সমুকে উদ্ধার করে।
এদিকে সমু চৌধুরী নিজেই জানান, তিনি প্রায়ই দেশের বিভিন্ন মাজার পরিদর্শনে যান। এই সফরের অংশ হিসেবেই তিনি গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারে গিয়েছিলেন। অতিরিক্ত পোশাক না থাকায় সকালে নিজের জামাকাপড় ধুয়ে গামছা পরে গাবগাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন—ঠিক সেই সময়ই অজ্ঞাত কেউ তার ছবি তোলে ও তা ছড়িয়ে দেয়।
সব জল্পনার অবসান ঘটে যখন গভীর রাতে পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম নিশ্চিত করেন যে, সমু চৌধুরীকে তার আত্মীয়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। ঢাকায় ফিরে তিনি শিল্পী সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং পরদিন সকালে যশোরে মায়ের কাছে চলে যান।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘ সময় পর মায়ের কোলে ফিরে তিনি আবেগাপ্লুত হন এবং এই সফর তার মানসিক প্রশান্তির কারণ হয়ে দাঁড়ায়।
প্রসঙ্গত, সমু চৌধুরী মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ১৯৯০ সালে বিটিভিতে প্রচারিত ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে তার পথচলা শুরু। এরপর আমজাদ হোসেনের পরিচালনায় ‘আদরের সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। কাজ করেছেন ‘মায়ের অধিকার’, ‘প্রেমের নাম বেদনা’, ‘দোলনচাঁপা’সহ একাধিক চলচ্চিত্রেও।
বর্তমানে তিনি আবারও অভিনয়ে সক্রিয়।নানা চড়াই-উতরাই পেরিয়ে ফিরে আসা এই অভিনেতার সাম্প্রতিক ঘটনাটি শুধুই একটি ভুল বোঝাবুঝির ফসল—এটাই এখন সকলের বিশ্বাস।
মতামত দিন