বিনোদন
ছবি: সংগৃহীত

উত্তরার হাটে জাল টাকায় প্রতারিত রইস উদ্দিনকে উমরাহ উপহার দিলেন অপু বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একজন বৃদ্ধ ব্যক্তি জাল টাকার বান্ডেল হাতে কান্নায় ভেঙে পড়েছেন। হৃদয়বিদারক সেই দৃশ্য মুহূর্তেই আলোড়ন তোলে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃদ্ধের নাম রইস উদ্দিন। তিনি নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা।

কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন রাজধানীর দিয়াবাড়ির হাটে। বৃহস্পতিবার (৫ জুন) সেখানে নিজের পালিত গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করলেও বুঝতে পারেন, পুরো টাকা জাল।প্রতারণার শিকার হয়ে হাটেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সহানুভূতি পান রইস উদ্দিন। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। পাশে দাঁড়ান জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তিনি জানান, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে রইস উদ্দিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যক্তিগত খরচে তাকে উমরাহ করাতে চান।

রইস উদ্দিন এ প্রসঙ্গে বলেন, “অপু বিশ্বাস আমার মেয়ের মতো। সে আমাকে কথা দিয়েছে— আমার উমরাহর সব খরচ সে বহন করবে। এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।”

মানবিক এই উদ্যোগ সমাজে সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

মতামত দিন