বিনোদন
ছবি: সংগৃহীত

বিয়েতে কনেকে ১০০ খাটাশ উপহার,মূল্য প্রায় ৮৫ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক:

বিয়েতে সাধারণত গহনা, নগদ টাকা কিংবা ঘরোয়া জিনিসপত্র উপহার হিসেবে দেওয়া হয়। তবে ভিয়েতনামের এক কনের বিয়েতে ঘটেছে ব্যতিক্রমী ঘটনা—উপহার হিসেবে পেয়েছেন ১০০টি খাটাশ!

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ওই কনের বাবা-মা তাকে যে উপহার দিয়েছেন তার বাজারমূল্য প্রায় ৭০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৮৫ লাখ।

বিশ্ববিখ্যাত ও দামি কোপি লুয়াক কফি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খাটাশ। এই প্রাণীগুলোর পরিপাকতন্ত্র থেকে সংগ্রহ করা কফি বিন দিয়েই তৈরি হয় কফির অন্যতম বিলাসবহুল এই সংস্করণ।

কনের উপহারে আরও ছিল ২৫টি সোনার বার, ২০ হাজার ডলার নগদ অর্থ, কোম্পানির শেয়ারের কাগজ এবং বিভিন্ন সম্পত্তি। বরের পরিবারও কম যাননি—তারা দিয়েছেন সোনা, নগদ অর্থ ও হীরার গয়না।

কনের বাবা হং চি তাম জানান, তার মেয়ে বিজনেস স্কুলের গ্র্যাজুয়েট এবং পারিবারিক সম্পদ ব্যবস্থাপনায় দক্ষ। তাই ভবিষ্যৎ আয়ের উৎস হিসেবেই তিনি এসব সম্পদ উপহার দিয়েছেন।

ভিয়েতনামে খাটাশ শুধু কফির জন্যই নয়, বিলাসবহুল খাবার এবং ঐতিহ্যবাহী ওষুধে ব্যবহারের জন্যও অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচিত। তাই উপহার হিসেবে এটি অনন্য হলেও অর্থনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

মতামত দিন