দক্ষিণ কোরিয়ান তরুণী কিম জং সুকের মৃত্যুতে শোকের ছায়া, গুজবে ক্ষুব্ধ পরিবার।
গত ৪ জুন কিম জং সুক মারা যান। তবে তার পরিবার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে দুই দিন পর। এই সময়ের মধ্যে ভক্ত-অনুরাগীদের মধ্যে নানা গুঞ্জন ও জল্পনা ছড়িয়ে পড়ে।
কিমের এক ঘনিষ্ঠ বন্ধু সামাজিক মাধ্যমে মৃত্যুসংবাদটি প্রথম শেয়ার করেন। এরপর আরেকজন স্মরণ করে একটি স্মৃতিসৌধের ছবি দিয়ে লেখেন, “তুমি আর কষ্টে নেই, এখন শান্তিতে আছো—এটাই কামনা করি।”
কিন্তু মডেলের মৃত্যুর পরপরই অনলাইনে ছড়াতে থাকে বিভ্রান্তিকর তথ্য। গুজব উঠে,গিওংগি-ডোর হানামে ২০ বছরের এক যুবকের আত্মহত্যার ঘটনার সঙ্গে কিমের কোনোভাবে সম্পৃক্ততা রয়েছে। যদিও এখন পর্যন্ত এর সঙ্গে কিমের জড়িত থাকার কোনো সত্যতা পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে কিম জং সুকের পরিবার একটি বিবৃতি দিয়ে অনুরোধ জানিয়েছে,“এই শোকের সময় দয়া করে ভিত্তিহীন তথ্য না ছড়ান। আমাদের কষ্টের ভার আরও যেন না বাড়ে।”
প্রয়াত মডেলের বোনও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কিম নির্দোষ—এটি প্রমাণে প্রয়োজনে তারা পুলিশের নথি এবং মৃত্যুর আগে তার শেষ কথোপকথনের রেকর্ড প্রকাশ করবেন। একইসঙ্গে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
কিম জং সুক ছিলেন দক্ষিণ কোরিয়ার ফ্যাশন অঙ্গনের এক উজ্জ্বল মুখ। তার এভাবে চলে যাওয়া অনেকের কাছেই এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। সোশ্যাল মিডিয়াজুড়ে ভক্তরা তাকে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করছেন।

মতামত দিন