নাটক ‘আশিকি’ জোভানকে ঘিরে তুমুল সমালোচনা,ঈদের আগেই আলোচনায়।
ঘটনার সূচনা হয় ৪ জুন, বুধবার, যখন সিএমভি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটক ‘আশিকি’-র টিজার প্রকাশিত হয়। এরপর পরদিন,৫ জুন রাতে ট্রেলার প্রকাশিত হওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়।ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই ফেসবুক ও ইউটিউবজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা ও ট্রলের বন্যা।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই জোভানের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, “এতোটা ওভারঅ্যাকটিং কেন?” আরেকজন লেখেন, “তার এক্সপ্রেশান জাস্ট নেয়ার মতো না।” কেউ কেউ আবার ব্যঙ্গ করে লিখেছেন, “এ যেন বোহেমিয়ান র্যাপসোডি নয়, বরং ফ্রেডি মার্কারির জীবনী নিয়ে বানানো কোনো মহাকাব্য!”
তবে সমালোচনার মাঝেও নাটকটির ভিজ্যুয়াল ও আবহসংগীত প্রশংসিত হয়েছে। অনেক দর্শকই এর সিনেম্যাটোগ্রাফি ও সাউন্ড ডিজাইনকে ‘উচ্চ মানের’ বলে অভিহিত করছেন। বিশ্লেষকরা বলছেন, নেতিবাচক প্রচারণাও কখনও কখনও কৌতূহল বাড়িয়ে দেয়—‘আশিকি’ সেই ধারাতেই ঈদের আগে দর্শকের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে।
পারভেজ ইমরানের চিত্রনাট্য ও ইমরোজ শাওনের পরিচালনায় নির্মিত এই নাটকে মধ্যবিত্ত পরিবারের ‘অসুন্দর’ এক ছেলের রকস্টার হয়ে ওঠার গল্প দেখানো হবে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান এবং তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নাজনীন নীহাকে।
নাটকটি ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। এখন দেখার বিষয়, দর্শক শেষ পর্যন্ত কেমন প্রতিক্রিয়া দেখায় এবং নাটকটি ট্রলের গণ্ডি পেরিয়ে সত্যিই জনপ্রিয়তা অর্জন করতে পারে কিনা।
মতামত দিন