বিনোদন
ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’, সহ-অভিনেত্রী সাবিলা নূরের প্রশংসায় শাকিব খান।

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘তাণ্ডব’। বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে ছবির প্রচারণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্টরা অংশ নেন।
অনুষ্ঠানে সহ-অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে প্রশংসার ঢল নামান চিত্রনায়ক শাকিব খান।

সংবাদ সম্মেলনে শাকিব বলেন, “সাবিলা নূর শুরুতেই লিচুর বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে। আমরা সবসময় সেটে বলতাম, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আরেকজন স্টার হিরোইন পেয়ে গেল।”

তিনি আরও বলেন, “আগে সাবিলার সঙ্গে দেখা হলেও কাজ করার সুযোগ হয়নি। তখন তাকে বলেছিলাম—সিনেমা করো। আমরা শিল্পীরা—বড় পর্দা, ছোট পর্দা বা স্টেজ—সবখানেই কাজ করি। এখন বিষয়টা হচ্ছে, কে ভালো অভিনয় করে। সেই দৃষ্টিকোণ থেকে সাবিলা প্রথম সিনেমাতেই দারুণ অভিনয় করেছে।”

শাকিব খান আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে সাবিলার সঙ্গে আরও একাধিক চলচ্চিত্রে কাজ করতে চান তিনি।

রায়হান রাফীর পরিচালনায় নির্মিত ‘তাণ্ডব’-এ শাকিব ও সাবিলা ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, সালাহউদ্দীন লাভলু, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।

চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

মতামত দিন