বিনোদন
ছবি: সংগৃহীত

‘আশিকি’র টিজার ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রলের ঝড়।

নিজস্ব প্রতিবেদক:

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ইমরোজ শাওন পরিচালিত নাটক ‘আশিকি’র টিজার। ৫১ সেকেন্ডের এই টিজারে একটি গানেই ধরা দিয়েছেন প্রেমিক চরিত্রে অভিনেতা ফারহান আহমেদ জোভান।
তবে গান নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জোভানের এক্সপ্রেশন, অঙ্গভঙ্গি ও প্রেমিক চরিত্রে তার অতিনাটকীয় রূপদান।

সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই মন্তব্য করেছেন,গানটি ভালো হলেও জোভানের অভিনয় ছিল “অতিনাটকীয় ও কৃত্রিম”। এক ব্যবহারকারী লিখেছেন, “অভিনেতা ক্যামেরার সামনে চোখ, ঠোঁট আর হাত দিয়ে যুদ্ধ শুরু করতেছে।” আরেকজন মন্তব্য করেন, “প্রেমিক নয়, এইটা যেন ক্লাস সিক্সের ডায়ালগ প্র্যাকটিস।”

টিকটক ও ইনস্টাগ্রামে ইতোমধ্যেই শুরু হয়েছে ট্রল আর মিমের বন্যা। কেউ নকল করছেন জোভানের এক্সপ্রেশন, কেউবা বানাচ্ছেন ব্যঙ্গাত্মক ভিডিও। টিজারটি হয়ে উঠেছে মিমারদের জন্য এক রকম ‘উৎসবের উপলক্ষ’।

তবে এখন পর্যন্ত অভিনেতা জোভান এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তার কিছু ভক্ত যদিও বলছেন, এমন ট্রল করা অনুচিত এবং গানটিতে তার আবেগ প্রকাশের চেষ্টা প্রশংসনীয়। তবে সমালোচকদের বক্তব্য, অভিনয়ে বাস্তবতা না থাকলে তা দর্শকের মনে জায়গা করে নিতে পারে না—উল্টো তা হাস্যরসে পরিণত হয়।

নাটকটি মুক্তি পাচ্ছে আসন্ন ঈদে।তবে দর্শকের একাংশের মতে, নাটকের আগেই টিজারই যেন হয়ে উঠেছে ‘ওরে মন’ নয়, বরং ‘ওরে হাসির’ উপলক্ষ। এখন দেখার বিষয়, পূর্ণ নাটক কতটা দর্শক হৃদয় জয় করতে পারে।

মতামত দিন