বিনোদন
ছবি: সংগৃহীত

মাত্র ৩৭ বছর বয়সে কোলন ক্যানসারে প্রাণ গেল টিভি অভিনেতা বিভু রাঘবের।

নিজস্ব প্রতিবেদক:

ভারতের ছোটপর্দার জনপ্রিয় মুখ বিভু রাঘব শেষ পর্যন্ত কোলন ক্যানসারের কাছে হার মানলেন।সোমবার (২ জুন ২০২৫) মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই তরুণ অভিনেতার।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।

ভক্তদের কাছে পরিচিত বিভু রাঘবের প্রকৃত নাম ছিল বৈভব কুমার সিং রাঘব। ২০২২ সালে তার কোলন ক্যানসার ধরা পড়ে এবং শুরু থেকেই তা ছিল চতুর্থ পর্যায়ের।চিকিৎসা চললেও ধীরে ধীরে অবস্থা জটিল হয়ে ওঠে, শেষ পর্যন্ত থেমে যায় তার লড়াইয়ের পথ।

‘নিশা অউর উসকে কাজিনস’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। প্রাণবন্ত অভিনয় আর ইতিবাচক ব্যক্তিত্বের জন্য অল্প সময়েই তিনি হয়ে উঠেছিলেন একজন দর্শকপ্রিয় অভিনেতা।

তার মৃত্যুর খবরটি প্রথম নিশ্চিত করেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অদ্বৈত মালিক ও সহ-অভিনেত্রী সৌম্য টন্ডন। সামাজিক মাধ্যমে তারা জানান, আজ (৩ জুন) মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে মুম্বাইয়ের যোগেশ্বরী ওয়েস্টের ধ্যানেশ্বর নগরের একটি ঠিকানায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বিভুর মরদেহ। এরপর দুপুর ১টায় শোকযাত্রা শুরু হবে।

বিভুর মৃত্যুতে সহকর্মী ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে অদ্বৈত মালিক লেখেন, “তুমি ছিলে প্রাণে উজ্জ্বল, সাহস ও ইতিবাচকতার মূর্ত প্রতীক। তোমার হাসি আর উপস্থিতি সবসময় চারপাশ উজ্জ্বল করে তুলতো।”
অভিনেত্রী সিম্পল কৌল বলেন, “তোমাকে খুব মিস করব বন্ধু। তোমার জন্য শান্তি ও ভালোবাসা রইল।” অভিনেতা করণবীর মেহেরা সংক্ষেপে লিখেছেন, “ভাই, খুব তাড়াতাড়ি চলে গেলে তুমি। শান্তিতে থেকো।”

মতামত দিন