বিনোদন
ছবি: সংগৃহীত

মিস ওয়ার্ল্ডের মুকুট প্রথমবারের মতো থাইল্যান্ডে, ইতিহাস গড়লেন ওপল সুচাতা।

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বসুন্দরীর মর্যাদাপূর্ণ খেতাব এবার উঠেছে থাইল্যান্ডের প্রতিনিধির মাথায়। ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’-এর  শিরোপা জিতে ইতিহাস গড়েছেন ওপল সুচাতা চুয়াংসরি—যিনি থাইল্যান্ডের প্রথম নারী হিসেবে এ খেতাব অর্জন করলেন।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় ভারতের হায়দরাবাদে আয়োজিত ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। মঞ্চে গতবারের বিজয়ী চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা নতুন বিজয়ীর মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।

বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওপল বলেন, “এটি শুধু আমার একার অর্জন নয়। এটি প্রতিটি স্বপ্নদ্রষ্টা তরুণীর বিজয়। বিশ্বমঞ্চে এমন একটি প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের।”

এবারের আসরে ১০৮টি দেশের প্রতিযোগী অংশ নেন। দ্বিতীয় অবস্থানে ছিলেন ইথিওপিয়ার হ্যাসেট ডেরেজে আদমাসু। পোল্যান্ডের মাজা ক্লাজদা এবং মার্টিনিকের অরেলি জোয়াকিম যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় রানার-আপ হন।

ভারতের নন্দিনী গুপ্তা সেরা দশে জায়গা করে নিলেও বাংলাদেশের আকলিমা আতিকা কনিকা শীর্ষ পর্যায়ে উঠতে পারেননি।

এদিকে, যুক্তরাজ্যের প্রতিযোগী মিলা ম্যাগি মিস ওয়ার্ল্ড আয়োজকদের বিরুদ্ধে কিছু গুরুতর অনিয়মের অভিযোগ এনে আলোচনার জন্ম দিয়েছেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে আয়োজন ঘিরে।

রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ওপল সুচাতা এর আগে ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড ২০২৪’-এর মুকুট জিতে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালে তিনি তৃতীয় রানার-আপ নির্বাচিত হয়েছিলেন।

মতামত দিন