বিনোদন
ছবি: সংগৃহীত

চাপাতি হাতে এফডিসিতে প্রবেশ, শাকিব খানকে খুঁজে হামলার চেষ্টা যুবকের।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এ শনিবার রাতে এক যুবকের হামলা ও ভাঙচুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চাপাতি হাতে প্রবেশ করা ওই যুবকের দাবি, তিনি নায়ক শাকিব খানের কাছে অর্থ পান।
ঘটনার পরপরই পুলিশ মানিক মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন। পরে তাকে রোববার (১ জুন) আদালতে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি হঠাৎ করেই বিএফডিসিতে প্রবেশ করে হাতে চাপাতি উঁচিয়ে শাকিব খানের নাম ধরে চিৎকার করতে থাকে এবং একপর্যায়ে ভাঙচুর চালায়। ‘প্রেমের তাজমহল’ চলচ্চিত্রের নির্মাতা গাজী মাহবুব বলেন, “আমরা হঠাৎই হৈচৈ শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ঘোরাঘুরি করছে, আর বলছে শাকিব খান তার টাকা দেয়নি।”

জিজ্ঞাসাবাদে মানিক জানান, তিনি জামালপুরের বাসিন্দা এবং ‘গলুই’ সিনেমার শুটিংয়ের সময় কোনো একটি কাজে যুক্ত ছিলেন। তবে কী কাজ করেছিলেন বা ঠিক কত টাকা পাওনা রয়েছে—এই বিষয়ে তিনি সুস্পষ্ট কিছু জানাতে পারেননি। এমনকি শাকিব খানের সঙ্গে থাকা আরেকজন ‘কালো চেহারার’ লোককেও খুঁজছিলেন বলে জানান, যদিও তার নাম বলতে পারেননি।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলেই মনে হচ্ছে।তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “তার কথাবার্তা অসংলগ্ন, কোনো কিছু স্পষ্টভাবে বলতে পারছে না। যেহেতু মামলা হয়েছে, তাই তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।”

তবে বিষয়টিকে নিছক ‘একজন মানসিক রোগীর কাণ্ড’ বলেও দেখছেন না নির্মাতা গাজী মাহবুব। তার ভাষায়, “দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ককে খুঁজতে চাপাতি নিয়ে এভাবে ঢুকে পড়া মোটেও সাধারণ ঘটনা নয়। এর পেছনে অন্য কিছু থাকতে পারে বলেই আমার ধারণা।”

বিষয়টি নিয়ে বিএফডিসি কর্তৃপক্ষ ইতিমধ্যে থানায় মামলা করেছে। এ ঘটনায় চলচ্চিত্র অঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

মতামত দিন