বিনোদন
ছবি: সংগৃহীত

‘বসন্তের কোকিল’ লিচু নিয়ে ফের ভাইরাল রনি।

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা সেই রনি আবারও খবরের শিরোনামে। রাজধানীর কারওয়ান বাজারের মৌসুমি ফল বিক্রেতা রনি এবার ভাইরাল হয়েছেন লিচু বিক্রির অভিনব উপায়ে।
তার দোকানের লিচুর নাম দিয়েছেন ‘বসন্তের কোকিল’। ব্যতিক্রমী নামকরণ আর স্বভাবসুলভ ছন্দময় কথাবার্তা মিলিয়েই আবারও জনপ্রিয়তার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।

রনি জানান, ‘লিচু বছরে একবার আসে, কোকিলও বছরে একবার ডাকে—এই মিল থেকেই লিচুর নাম দিয়েছি "বসন্তের কোকিল"।’ তার এই বক্তব্য ও বিক্রয় কৌশল দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের বিভিন্ন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন দর্শক তার ভিডিও উপভোগ করেছেন, শেয়ার করেছেন, এমনকি তার সংলাপ নিয়েও তৈরি হয়েছে নানা রকমের মজার রিমিক্স কনটেন্ট।

এটাই অবশ্য রনির প্রথম ভাইরাল হওয়া নয়। এর আগে ‘ওই কীরে কী, মধু... মধু... রসমালাই’—এই সংলাপ দিয়ে তরমুজ বিক্রির সময় তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। সেই সময় ভাইরাল হওয়ার পর ইউটিউবার ও কনটেন্ট নির্মাতাদের ভিড় সামলাতে তাকে দোকানেই লুকিয়ে থাকতে হয়েছিল। তার বিক্রিবাটাতেও প্রভাব পড়ে, আশপাশের বিক্রেতারাও বিরক্তি প্রকাশ করেছিলেন। তবে এবারের ভাইরাল ভিডিওর পর রনি এখনো সে ধরনের কোনো সমস্যার কথা জানাননি।

দীর্ঘদিন ধরে মৌসুমি ফলের ব্যবসা করে আসা রনির বাড়ি মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর উপজেলায়। প্রায় দেড় যুগ ধরে তিনি কারওয়ান বাজারে তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফল বিক্রি করছেন। তার এই ব্যবসায় হাতেখড়ি হয় কিশোর বয়সে। ভাইরাল হওয়ার সুবাদে তিনি শুধু পরিচিতিই পাননি, এর প্রভাবে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন।

স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রনির ছোট্ট সংসার। তার জীবন ও ব্যবসার গল্প এখন অনেকের কাছেই উদাহরণ হয়ে উঠেছে—কীভাবে একটি সাধারণ মানুষের প্রাণবন্ত উপস্থাপনাও হয়ে উঠতে পারে অনলাইন ট্রেন্ডের কেন্দ্রবিন্দু।

মতামত দিন