'মুজিব'র পর দীর্ঘ বিরতি, ‘নীলচক্র’ দিয়ে ঈদে পর্দায় ফিরছেন আরিফিন শুভ।
গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে একপ্রকার অন্তরালে চলে যান শুভ। সে সময় মুক্তি পেয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব:একটি জাতির রূপকার’। ওই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা যেমন পেয়েছেন,তেমনি সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। এরপর আর নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি এই অভিনেতাকে।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শুভ জানিয়েছেন, ‘মুজিব’ ছবিতে তিনি কোনো পারিশ্রমিকই নেননি। তার ভাষায়, “আমি যদি সাধারণ সিনেমায় ১০০ টাকায় কাজ করি আর ‘মুজিব’-এর জন্য ১০ হাজার টাকা নিই, তখন সমালোচনা হতো। কিন্তু আমি তো উল্টোটা করেছি, এক টাকাও নিইনি। শ্রমের মূল্য একজন নিজেই নির্ধারণ করেন।”
সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, জিয়াউর রহমানের ওপর নির্মিত কোনো বায়োপিকে অভিনয়ের প্রস্তাব এলে তিনি কী করবেন? উত্তরে শুভ বলেন, “আমি একজন পেশাদার অভিনেতা। যে কোনো চরিত্রে ঢুকে সেটিকে পর্দায় জীবন্ত করে তোলাই আমার দায়িত্ব। যদি কোনো পরিচালক মনে করেন আমি সে চরিত্রে মানানসই, তাহলে আমি অবশ্যই প্রস্তুত।”
পর্দায় শুভর এই প্রত্যাবর্তন হচ্ছে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমার মাধ্যমে। অ্যাকশনধর্মী এ ছবিতে তার সহশিল্পীদের মধ্যে রয়েছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম,খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী এবং মাসুম রেজওয়ান।
চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদে এটি হতে পারে বিশেষ আকর্ষণ, কারণ বহু প্রতীক্ষার পর আবারও অ্যাকশনে ফিরছেন আরিফিন শুভ।

মতামত দিন