বিনোদন
ছবি: সংগৃহীত

শুটিং সেটে বন্য হাতির হামলা, প্রশ্ন তুললেন জয়া আহসান।

নিজস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার,৩০ মে ২০২৫:

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং চলাকালে বন্য হাতির হঠাৎ আক্রমণে অপ্রস্তুত হয়ে পড়েন শিল্পী ও কলাকুশলীরা। একদল বন্য হাতি ঢুকে পড়ে শুটিং সেটের কিছু অংশ ভেঙে ফেলে, আহত হন কয়েকজন।

ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।

অভিনেত্রী জয়া আহসান এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লেখেন,“এই আরেক উপদ্রব বনের ভেতর।বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট, ক্যামেরা, অ্যাকশন শুরু করা যায়?” তিনি আরও প্রশ্ন তোলেন, “মাইকের শব্দ, বর্জ্য, গান—এসব কি সংবেদনশীল জায়গায় অনুমোদনযোগ্য?”

জয়ার মন্তব্যে অনেকেই সহমত পোষণ করেন। একজন নেটিজেন লেখেন, “জায়গাটি তো হাতির, মানুষ অনধিকার প্রবেশ করছে—তবু দোষ হচ্ছে হাতির!”

চলচ্চিত্রটির পরিচালক জানান, এলাকাটি যে বন্য হাতির চলাচলের পথ, তা আগে থেকে জানা ছিল না। তবে ঘটনার পর থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশে আলো ও শব্দ ব্যবহার করা হচ্ছে যাতে হাতি আর  না আসে।

উল্লেখ্য, গত ২১ মে থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় করছেন শবনম বুবলী, সজল, সুমন আনোয়ার, আয়মান শিমলা ও দিলরুবা দোয়েলসহ আরও অনেকে।

এ ঘটনার পর বনবিভাগের কোনো পদক্ষেপ বা তদন্ত শুরু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবেশবিদরা বলছেন, বন ও বন্যপ্রাণীর সংরক্ষিত এলাকায় শুটিংয়ের নামে যেকোনো অনিয়ম পরিবেশ ও প্রাণীর জীবনের জন্য হুমকিস্বরূপ।

মতামত দিন