বিনোদন
ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসছেন আখিল আক্কিনেনি ও জয়নব রাবজি।

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা আক্কিনেনির কনিষ্ঠ পুত্র আখিল আক্কিনেনি এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আগামী ৬ জুন চিত্রশিল্পী জয়নব রাবজিকে বিয়ে করতে যাচ্ছেন এই তরুণ অভিনেতা।

ইতোমধ্যে দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে হবে বিয়ের কিছু আনুষ্ঠানিকতা, তবে মূল বিয়ের আয়োজন হবে রাজস্থানে— এমন পরিকল্পনা রয়েছে পরিবারগুলোর। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আখিলের হবু স্ত্রী জয়নব রাবজি চলচ্চিত্র অঙ্গনের কেউ নন।তিনি শিল্পপতি জুলফি রাবজির কন্যা এবং নিজেও একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী। হায়দরাবাদে তাঁর একাধিক চিত্রপ্রদর্শনী ইতোমধ্যে সমাদৃত হয়েছে।

আখিল ও জয়নবের পরিচয় হয় বছর খানেক আগে। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়ে প্রেমে রূপ নেয়,যার পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। তবে তাঁদের বয়সের ব্যবধান নিয়ে এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এই সম্পর্ক। আখিলের জন্ম ১৯৯৪ সালে, বর্তমানে বয়স ৩০। অন্যদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, জয়নব রাবজির বয়স ৩৯ বছর— অর্থাৎ আখিলের চেয়ে ৯ বছর বড়।

তবে বয়সের এই ব্যবধান নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আখিল বা জয়নব কেউই।

২০১৫ সালে 'আখিল' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে আখিল আক্কিনেনির। নবাগত হিসেবে তিনি সেসময় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও অর্জন করেন। পরে 'হ্যালো', 'মিস্টার মজনু' ও 'এজেন্ট'-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

আখিলের এই বিয়ে ঘিরে ইতোমধ্যে টলিউডে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। এবার দেখার পালা— বয়সের সীমারেখা পেরিয়ে এ সম্পর্ক কতটা স্থায়ী ও সফল হয়।

মতামত দিন