বিনোদন
ছবি: সংগৃহীত

ঈদে টেলিফিল্মে ফিরছেন মৌসুমী, শুটিং চলছে যুক্তরাষ্ট্রে।

নিজস্ব প্রতিবেদক:

বিনোদন,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন ঢালিউডের বর্ষীয়ান চিত্রনায়িকা মৌসুমী। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত একটি বিশেষ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে আবারও পর্দায় দেখা যাবে এই তারকাকে।

টেলিফিল্মটির নাম ‘পিএস চাই সুন্দরী’। এটি প্রচারিত হবে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যানেল এটিভি (ইউএসএ)-তে।

টেলিফিল্মটি নির্মাণ করছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে মৌসুমীর এই কাজে ফেরার খবর জানান। ভিডিওটিতে মৌসুমী নিজেও বলেন, “এটা সিনেমা না, টেলিফিল্ম। নাম ‘পিএস চাই সুন্দরী’। কোরবানির ঈদের জন্যই তৈরি হচ্ছে। আকাশ রহমান আমার বসের চরিত্রে আছেন, আমরা একসাথে কাজ করছি। এটা একদমই আলাদা ধাঁচের গল্প।”

টেলিফিল্মটির কাহিনি আবর্তিত হয়েছে একটি ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে। শুটিং হচ্ছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ড এলাকায়। এটিভি (ইউএসএ)-র জন্য নির্মিত এই কাজের পাশাপাশি একই চ্যানেলের একটি নাটকেও অভিনয় করেছেন মৌসুমী।

প্রসঙ্গত, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘সোনার চর’ ছিল মৌসুমীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। সেখানে তিনি অভিনয় করেছিলেন ওমর সানী, জায়েদ খান এবং জান্নাতুল স্নিগ্ধাসহ আরও কয়েকজন শিল্পীর সঙ্গে।

ঈদের বিশেষ এই টেলিফিল্মকে কেন্দ্র করে মৌসুমীর ভক্তদের মাঝে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বিশ্লেষকরা মনে করছেন, এই কাজের মাধ্যমে মৌসুমীর অভিনয়জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে।

মতামত দিন