বিনোদন
ছবি: সংগৃহীত

পূর্ণিমা-রবিন দম্পতির তিন বছরের সুখময় পথচলা।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও তাঁর স্বামী আশফাকুর রহমান রবিনের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো। এই বিশেষ দিনটিতে স্ত্রীকে নিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতার আবেগঘন বার্তা প্রকাশ করেছেন রবিন।

মঙ্গলবার (২৭ মে) এক ফেসবুক পোস্টে রবিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো— যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির অসাধারণ এক যাত্রা। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন,যে আমাকে বোঝে, সমর্থন করে, আর সবসময় আমার পাশে থাকে।’

স্ত্রীর উদ্দেশে ভালোবাসায় ভরা বার্তায় রবিন আরও লিখেছেন, ‘তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু কল্পনাও করিনি। তুমি আমার শান্তি, আমার শক্তি। আমি দোয়া করি, আমাদের এই বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।’

পূর্ণিমা ও রবিন ২০২৩ সালের ২৭ মে ঘরোয়া পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে দীর্ঘ সময় ধরে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে জানা যায়।

এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর ব্যবসায়ী আহমেদ জামাল ফাহাদের সঙ্গে পূর্ণিমার প্রথম বিয়ে হয় পারিবারিকভাবে। সে সংসারে এক কন্যাসন্তানের জননী হন তিনি, ২০১৪ সালের ১৩ এপ্রিল।পরে ২০২২ সালে সে সম্পর্কের ইতি টানার কথা প্রকাশ্যে আনেন তিনি।

অভিনয় জগতে তুমুল জনপ্রিয়তার মধ্যেই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন পূর্ণিমা।বর্তমানে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও তিনি সক্রিয় রয়েছেন বিভিন্ন মাধ্যমে।

তিন বছরের এই দাম্পত্য উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের কাছ থেকেও শুভেচ্ছা ও ভালোবাসায় ভেসেছেন পূর্ণিমা-রবিন দম্পতি।

মতামত দিন