বিনোদন
ছবি: সংগৃহীত

কানে স্বীকৃতি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ সোমবার ২৬ মে ২০২৫:

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত এনে দিলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে ছবিটি পেয়েছে স্পেশাল মেনশন বা বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি।

নির্মাতা আদনান আল রাজীবের এই ১৫ মিনিটের চলচ্চিত্রটি প্রদর্শিত হয় বৃহস্পতিবার (২২ মে),যেখানে দর্শকদের কাছ থেকে মিলেছে ইতিবাচক প্রশংসা।

ছবির কাহিনি ঘিরে গড়ে উঠেছে উপকূলীয় অঞ্চলের এক কিশোর ‘আলী’কে, যে বেড়ে উঠছে এক কঠোর সমাজব্যবস্থার ভেতরে। একটি গানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে শুরু হলেও, গল্পটি ধীরে ধীরে উন্মোচন করে লিঙ্গবৈষম্য, সাংস্কৃতিক নিষেধাজ্ঞা ও ব্যক্তি স্বাধীনতার জটিলতা।নারীদের গান গাওয়াকে যেখানে অপমান হিসেবে দেখা হয়, সেই সমাজেই আলী নিজের জায়গা খুঁজে নিতে চায় এক গানের মাধ্যমে।

চলচ্চিত্রটিতে ‘আলী’ চরিত্রে স্বনামে অভিনয় করেছেন আল-আমিন। নির্মাতা আদনান আল রাজীব জানান, সিনেমাটির শুটিং হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে, সিলেটের বিভিন্ন লোকেশনে। টানা পাঁচ দিন ধরে এই কাজ সম্পন্ন করা হয়।

দীর্ঘদিন ধরেই টিভি বিজ্ঞাপন ও নির্মাণে যুক্ত থাকা আদনান বলেন, “আমাদের লক্ষ্য ছিল একটা চলচ্চিত্র  নির্মাণ করা, উৎসব নয়। পরে একটা অভিনব ভাবনার উপর ভিত্তি করে কাজ শুরু করি। কখনও ভাবিনি সেটা কানে পৌঁছাবে—এটা তো স্বপ্নের মতো।”

‘আলী’-এর আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ, এটি শুধু গল্প বলার দিক থেকেই নয়, বরং সামাজিক কাঠামো ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা তৈরি করেছে বৈশ্বিক মঞ্চে।

মতামত দিন