পপিকে নিয়ে ওমর সানীর বিস্ফোরক মন্তব্য।
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পপি স্টুপিড।
দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা পপি চলতি বছরের ফেব্রুয়ারিতে আলোচনায় আসেন পারিবারিক সম্পত্তি নিয়ে মা ও বোনের সঙ্গে দ্বন্দ্বের কারণে। বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে অভিযোগ করেন, পরিবার তাকে “টাকা তৈরির মেশিন” বানিয়েছে। সেইসঙ্গে জানান, বর্তমানে তিনি সংসার নিয়ে সুখী এবং আর সিনেমায় ফিরতে চান না।
এই বক্তব্যেই ক্ষুব্ধ হন ওমর সানী। তার ভাষ্য, “পপির কথাবার্তাগুলো আবেগপ্রবণ নয়, বরং ফাজলামি। সিনেমাকে ছোট করা মানে আমাদের অপমান করা। আমি ওর দুলাভাই, প্রয়োজনে শাসন করার অধিকারও আমার আছে।”
সানী আরও বলেন, “পপি নিজের বক্তব্যে নিজেকেই ছোট করেছে। ওর স্বামী-সন্তান নিয়ে সুখে থাকতে চাইলে থাকুক। চার-পাঁচ বছর ধরে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, আমরাও চাই না রাখুক। তবে দুঃখের দিনে পাশে থাকব, কারণ ও আমার পরিবারেরই একজন।”
উল্লেখ্য, পপি চিত্রনায়িকা মৌসুমীর ফুফাতো বোন। ১৯৯৭ সালে ওমর সানীর বিপরীতে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পপির। ছবিটি সেই সময় বক্স অফিসে সাড়া ফেলেছিল।
মতামত দিন