মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতা শাকিব খান, পেলেন বিশেষ সম্মাননাও।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এ তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার জিতেছেন শাকিব খান। রায়হান রাফির আলোচিত ছবি তুফান-এ দুর্দান্ত অভিনয়ের জন্য এ সম্মান পান ঢালিউডের এই মেগাস্টার।
পুরস্কার গ্রহণ করে রোমাঞ্চিত শাকিব খান জানালেন তার দীর্ঘ পথচলার গল্প। বলেন, ‘তখন ফার্স্ট ইয়ারে পড়ি। ভাবলাম তিন মাস সিনেমা করব, তারপর ফিরে যাব। সেই তিন মাসের যাত্রা এখন ২৫ বছরের ইতিহাস।’
চলচ্চিত্র ক্যারিয়ারে ওঠানামার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘অনেক কষ্টের মধ্যেও ছিলাম।আমেরিকা থেকে ফিরে শুনেছি “তোমার সময় শেষ, ইউ আর ডেড হর্স।” তখন সত্যিই ভেবেছিলাম, ছেড়ে দেব। কিন্তু শেষ একটা চেষ্টা করে যাই—সেই চেষ্টা ছিল “প্রিয়তমা”।'
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়েই নতুন করে আলোচনায় ফেরেন তিনি। তারপর আসে রাজকুমার এবং তুফান, যেগুলোর মাধ্যমে প্রমাণ করেন—তিনি এখনও ঢালিউডের সবচেয়ে বড় তারকা। শাকিব খান বলেন, ‘তুফান–এর পর চুপচাপ তাদের দিকে তাকিয়ে বলেছি, আমার দিন শেষ হয়নি, শুরু হয়েছে।’
সাম্প্রতিক ঈদে মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমাও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার কোরবানির ঈদে আসছে শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব, যা নিয়েও দর্শকদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ।

মতামত দিন