বিনোদন
ছবি: সংগৃহীত

৫৪ বছর বয়সে চলে গেলেন অভিনেতা মুকুল দেব, বলিউডে শোকের ছায়া।

৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেতা মুকুল দেব। শুক্রবার (২৩ মে) রাতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

তার মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তার পরিবারের পক্ষ থেকেও কোনো বিবৃতি আসেনি। তবে অভিনেত্রী ও ঘনিষ্ঠ বন্ধু দীপশিখা নাগপাল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পুরনো ছবি পোস্ট করে তার মৃত্যু নিশ্চিত করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, “বিশ্বাসই করতে পারছি না। শান্তিতে বিশ্রাম নাও, মুকুল।”

মুকুল দেবের সর্বশেষ কাজ ছিল হিন্দি চলচ্চিত্র ‘আন্থ দ্য ইন্ড’-এ। তিনি ছিলেন অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।

তার অভিনয়জীবন শুরু হয় ১৯৯৬ সালে দূরদর্শনের ধারাবাহিক ‘মুমকিন’-এর মাধ্যমে। এরপর ‘এক সে বাধ কার এক’ ও ফ্যাশন-রিয়েলিটি শো ‘ফেয়ার ফাংশন ইন্ডিয়া’-র মতো অনুষ্ঠানেও তিনি জনপ্রিয়তা পান।

চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘দাস্তাক’ ছবির মাধ্যমে, যেখানে তিনি এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন। ভিন্ন ঘরানার বহু চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন।

শুধু অভিনয়েই নয়, মুকুল ছিলেন পেশাদার পাইলটও। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে পাইলট প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।

চলচ্চিত্র ও ব্যক্তিজীবনে বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই অভিনেতার অকালপ্রয়াণে বলিউডের সহকর্মী ও ভক্তরা শোকাহত।

মতামত দিন