গ্রেপ্তারের পর জামিনে মুক্ত, গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া।
চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে।
গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০ মে সকালে জামিনে মুক্তি পান এই চিত্রনায়িকা।
জামিনে মুক্তির পর চলতি অসুস্থতার বিষয়টি নিয়ে বুধবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি লেখেন, "বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে—ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।"
তিনি আরও লেখেন, “গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।”
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা। লিখেছেন, “মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক।”
শেষে তিনি জানান, দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরতে চান তিনি।

মতামত দিন