বিনোদন
ছবি: সংগৃহীত

‘স্পিরিট’ থেকে বাদ দীপিকা: পারিশ্রমিক ও চুক্তি নিয়ে বিতর্কে উত্তাল বলিউড।

বলিউডের আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার নতুন এক বিতর্কে জড়ালেন। ‘অ্যানিমেল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি ‘স্পিরিট’ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

জানা গেছে,অতিরিক্ত পারিশ্রমিক ও কিছু কঠিন শর্তের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

দীপিকা সম্প্রতি প্রভাসের সঙ্গে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে কাজ করেছেন। সেই জুটি আবারও ‘স্পিরিট’-এ ফিরতে পারেন— এমন জল্পনা চলছিল। তবে হঠাৎ করেই নির্মাতা সিদ্ধান্ত বদল করেছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, দীপিকা পারিশ্রমিক হিসেবে চেয়েছিলেন প্রায় ২০ কোটি রুপি। শুধু তাই নয়, ছবির লাভের একটি অংশ দাবি করেন এবং দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার শর্তও দেন। এছাড়া ছবির তেলেগু সংলাপ ডাব করতেও রাজি হননি বলে জানা গেছে।

এইসব দাবি মেনে নিতে পারেননি পরিচালক সন্দীপ। ফলাফল, দীপিকাকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন নায়িকার খোঁজ শুরু হয়েছে।

বছর কয়েক ধরে বলিউডে তারকাদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক চলছে। অনেক নির্মাতা দাবি করছেন, তারকাদের অযৌক্তিক চাহিদা ও অর্থনৈতিক চাপেই ব্যর্থ হচ্ছে একের পর এক বড় বাজেটের ছবি। দীপিকাকে ঘিরে সাম্প্রতিক ঘটনা সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

মতামত দিন