বিনোদন
ছবি: সংগৃহীত

নিশি ইসলামের মামলায় শাওন ও হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা।

সৎ মা নিশি ইসলামের করা মারধর ও হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন,ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদসহ ১২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ  আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শাওনের বাবা ইঞ্জিনিয়ার মো. আলী, বোন মাহিন আফরোজ শিঞ্জন ও তার স্বামী, পুলিশের কয়েকজন কর্মকর্তা এবং কয়েকজন আত্মীয়স্বজন। এর আগে গত ২২ এপ্রিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। বর্তমানে এ মামলার ২ জন আসামি জামিনে থাকলেও বাকি ১০ জনই পলাতক।

২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি মো. আলীর সঙ্গে নিশি ইসলামের বিয়ে হয়। পরে তিনি জানতে পারেন, মো.আলী পূর্বে বিবাহিত এবং তার সন্তানও রয়েছে, যা গোপন রাখা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে শাওন ও তার পরিবারের সদস্যরা নিশিকে হুমকি, মারধর ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে বলা হয়েছে। এমনকি ডিবি অফিসে নিয়ে গিয়েও নির্যাতন চালানো হয় এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

আদালত মামলাটি চলমান অবস্থায় আসামিদের যাতে দেশত্যাগ করতে না পারে, সেই বিবেচনায় নিষেধাজ্ঞা দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ১ জুলাই ধার্য করা হয়েছে।

মতামত দিন