মানিকগঞ্জে হত্যা-ভাঙচুর মামলায় মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড।
মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের পৃথক দুই মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর এই আদেশ দেন।
রিমান্ডের মধ্যে চার দিন দেওয়া হয়েছে সাগর হত্যা মামলায় এবং দুই দিন ভাঙচুর মামলায়। এর আগে সকালেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মানিকগঞ্জ আদালতে আনা হয়।
আদালত চত্বরে নেয়া হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রায় ঘোষণার পর প্রিজনভ্যানে তোলার সময় মমতাজকে লক্ষ্য করে কিছু উত্তেজিত ব্যক্তি ডিম ও জুতা নিক্ষেপ করেন।
প্রসঙ্গত, রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সাগর হত্যা মামলায় মমতাজ বেগমকে গত ১৩ মে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগে, ১২ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন
মতামত দিন