নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী নোবেল।
নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (১৯ মে) রাত ১০টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, এক নারীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। আপাতত রিমান্ড আবেদন করা হচ্ছে না, তবে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায়—এক নারীকে মারধর ও টানাহেঁচড়া করছেন নোবেল। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় অনলাইনে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্র জানিয়েছে, ভুক্তভোগী নারী রাজধানীর ইডেন কলেজের শিক্ষার্থী। তার ভাষ্য অনুযায়ী, গত সাত মাস ধরে নানা ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে নোবেল তাকে ধর্ষণ করে আসছিলেন। অভিযুক্ত সংগীতশিল্পীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের পাশাপাশি মানসিক নিপীড়নের অভিযোগও এনেছেন তিনি। বর্তমানে ভুক্তভোগী ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে নোবেলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন