‘মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে’—ফেসবুকে বিস্ফোরক মিষ্টি জান্নাত।
ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কোনো চলচ্চিত্র নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক পোস্ট ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ।
এক ফেসবুক স্ট্যাটাসে নিজের উদ্বেগ প্রকাশ করে মিষ্টি লেখেন, “গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন্য নাম্বার থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।” এসব ঘটনায় তিনি মানসিকভাবে ভীষণ চাপে রয়েছেন বলেও জানান।
মিষ্টির এমন স্ট্যাটাসে তার অনুরাগী ও সাধারণ নেটিজেনদের একাংশ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তারা অভিনেত্রীর পাশে থাকার বার্তা দেন। ভক্তদের এমন ভালোবাসা ও সহানুভূতির জবাবে মিষ্টি বলেন, “আপনাদের ভালোবাসা এই কঠিন সময়ে আমাকে সাহস জোগাচ্ছে।”
ব্যক্তিগত জীবনের জটিলতা সত্ত্বেও থেমে নেই মিষ্টির পেশাগত পথচলা। বর্তমানে তিনি বড়পর্দার পাশাপাশি কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মে। নারীকেন্দ্রিক একটি থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘সাইকো’-তে একজন সাইকো কিলারের চরিত্রে অভিনয় করছেন তিনি। ভিন্নধর্মী এই চরিত্রে মিষ্টির পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মাঝে।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়শই শিরোনামে থাকেন তিনি। তবে এবারের বিষয়টি নিতান্তই গুরুতর এবং এতে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন অনেকে।
মতামত দিন