বিনোদন
ছবি: সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে পুলিশ প্রহরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন্নাহার বলেন, "চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে একটি প্রিজনভ্যানে করে দুপুর আড়াইটার দিকে কারাগারে আনা হয়েছে।"

এর আগে, একইদিন সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আদালতে হাজির করে।শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (১৮ মে) রাতে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

জানা গেছে, ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলাটি করা হয় গত জুলাই মাসে, যখন রাজধানীতে সরকারবিরোধী গণঅভ্যুত্থানের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাকে আসামি করা হয়।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বা তার আইনজীবীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার তদন্ত এবং পরবর্তী শুনানির দিন নির্ধারণ না হওয়া পর্যন্ত তিনি কারাগারেই থাকবেন বলে সংশ্লিষ্ট  সূত্রে জানা গেছে।

মতামত দিন