বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

কুমিল্লায় ‘এখন চার্জ’-এর নতুন ডিসি ফাস্ট চার্জিং স্টেশন চালু।

প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড (PMIL)–এর উদ্যোগে এবং ‘এখন চার্জ’ ব্র্যান্ডের আওতায় কুমিল্লায় চালু হলো দেশের দ্বিতীয় পাবলিক ডিসি ফাস্ট ইভি চার্জিং স্টেশন। এর আগে ঢাকার তেজগাঁওয়ে প্রথম স্টেশন চালুর মাধ্যমে ইলেকট্রিক গাড়ির (EV) চার্জিং পরিকাঠামোয় পথপ্রদর্শক হয়ে ওঠে প্রতিষ্ঠানটি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রামের কাবাব এক্সপ্রেস রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে অবস্থিত এই স্টেশনটি  ইভি ব্যবহারকারীদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চার্জিং সুবিধা দেবে। এখানে ১৮০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করে মাত্র ২০ মিনিটেই গাড়ি সম্পূর্ণ চার্জ করা সম্ভব।

সবার জন্য উন্মুক্ত এই চার্জারটি CCS2 স্ট্যান্ডার্ড সমর্থন করে। ব্যবহারকারীরা ‘Ekhon Charge’ অ্যাপ ব্যবহার করে চার্জিং লোকেশন খুঁজে পেতে, চার্জ শুরু ও ট্র্যাক করতে এবং বিল পরিশোধ করতে পারবেন। অ্যাপটি iOS ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে সহজলভ্য।

প্রযুক্তিগত মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সিমেন্স, ভল্টিক, অরোরা এবং TBEA-এর মতো আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে। এছাড়া চার্জিং নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও অ্যাপ ডিজাইনে প্রতিষ্ঠানটির নিজস্ব টেক টিম কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন PMIL-এর সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) আব্দুস সালাম টোটন, ম্যানেজার (সাপ্লাই চেইন ও অপারেশনস) রাকাত জাহান আহমেদ শাহরীন, ও ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) মো. সোহাগ খান। ইভি পার্টনার হিসেবে অংশ নেয় BYD বাংলাদেশ।

BYD-এর পক্ষে উপস্থিত ছিলেন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রধান মিথুন ভট্টাচার্য, বিক্রয় প্রধান ফাহমিদ ফেরদৌস ও সার্ভিস প্রধান মোজ্জাম্মেল হক।

বিশেষজ্ঞদের মতে, প্রচলিত জ্বালানিচালিত গাড়ির তুলনায় ইলেকট্রিক ভেহিকেলের চালনা ব্যয় প্রায় ৭০  শতাংশ কম এবং পরিবেশের জন্যও অনেক নিরাপদ। বাংলাদেশের মতো দেশে ইভির ব্যবহার বাড়ানো জরুরি, যেখানে দূষণ একটি প্রধান সমস্যা।

প্রগ্রেস মোটরস জানিয়েছে, তারা দেশের উত্তর ও পূর্বাঞ্চলজুড়ে আরও ডিসি ফাস্ট চার্জিং স্টেশন স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে ইভি ব্যবহার সহজ ও নিরবচ্ছিন্ন হয়।

মতামত দিন