জুলাই থেকে আইএসপি ও আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০% কমবে।
আসছে জুলাই থেকে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “১ জুলাই থেকে আইএসপি (ইন্টারনেট পরিষেবা প্রদানকারী) এবং আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ হারে কমানো হবে। এর পর ধাপে ধাপে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার দামও কমবে।”
তিনি আরও বলেন, “মোবাইল কোম্পানিগুলোকে বলছি—এই মূল্য হ্রাসের উদ্যোগ বাস্তবায়ন করুন। আমরা চাই নাগরিকরা কম দামে মানসম্মত ইন্টারনেট সেবা পাক।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী,ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম এবং বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

মতামত দিন