বই পড়লে মস্তিষ্কে কী ঘটে? জানালেন গবেষকেরা।
বই পড়ার সময় মস্তিষ্কে কী ঘটে, তা জানতে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর হিউম্যান কগনিটিভ অ্যান্ড ব্রেন সায়েন্সেসের এক গবেষণায় উঠে এসেছে নতুন কিছু তথ্য।
গবেষণায় নেতৃত্ব দেওয়া স্নায়ুবিজ্ঞানী সাবরিনা টার্কার মতে,ভাষা প্রক্রিয়াকরণে মস্তিষ্ক কীভাবে কাজ করে,সে সম্পর্কে আমাদের জ্ঞান এখনো সীমিত এবং আগে পাওয়া তথ্যগুলো বেশির ভাগই ছোট পরিসরের গবেষণার ফল।
নতুন গবেষণায় ৩ হাজার ৩১ জন প্রাপ্তবয়স্কের মস্তিষ্ক স্ক্যান করে ১৬৩টি পৃথক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, নীরবে বা জোরে পড়ার সময় মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অঞ্চল সক্রিয় হয়ে ওঠে।
প্রথমেই জানা যায়, মস্তিষ্কের বাঁ পাশ ভাষা প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখা পড়ার সময় এই অংশ সক্রিয় হয়। তবে এত দিন সেরিবেলাম (মস্তিষ্কের পেছনের অংশ) যে ভাষা প্রক্রিয়াকরণে ভূমিকা রাখে, তা উপেক্ষিত ছিল।গবেষণায় দেখা গেছে, ডান পাশের সেরিবেলাম শব্দ বোঝা ও রূপান্তরে গুরুত্বপূর্ণ।বিশেষ করে জোরে পড়ার সময় এটি আরও বেশি সক্রিয় হয়।
বাঁ পাশের সেরিবেলাম শব্দের অর্থ অনুধাবনে বেশি ব্যস্ত থাকে। অন্যদিকে শব্দ নীরবে পড়লে বাঁ অরবিটোফ্রন্টাল কর্টেক্স, সেরিবেলার ও টেম্পোরাল কর্টেক্স ধারাবাহিকভাবে সক্রিয় হয়।
মতামত দিন