বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

রঙিন ডানার রহস্য ও রূপান্তরের বিস্ময়: প্রকৃতির অপরূপ সৃষ্টি প্রজাপতির গল্প।

‘প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা,টুকটুকে লাল-নীল ঝিলমিলি আঁকা–বাঁকা।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রজাপতির রঙের প্রতি মুগ্ধ হয়ে এমনই প্রশ্ন তুলেছেন।

ছোট্ট এই ডানাওয়ালা পতঙ্গটির জীবন যত ক্ষণস্থায়ীই হোক, তার রঙের বাহার যুগে যুগে মানুষকে মোহিত করেছে। প্রকৃতির বিস্ময়কর এক সৃষ্টি হিসেবে প্রজাপতিকে ঘিরে তাই কৌতূহলের শেষ নেই।

রূপান্তরের আশ্চর্য গল্প

প্রজাপতির জীবনচক্র নিজেই এক রহস্যময় রূপান্তরের উদাহরণ। ক্ষুদ্র ডিম থেকে জন্ম নেয় শুঁয়োপোকা বা লার্ভা। এরপর মূককীট বা পিউপা পর্যায়ে গিয়ে গঠিত হয় পূর্ণাঙ্গ প্রজাপতি। এই রূপান্তরপ্রক্রিয়া ‘মেটামরফোসিস’ নামে পরিচিত। শুঁয়োপোকা যখন পিউপায় রূপ নেয়, তখন তার শরীরের প্রায় প্রতিটি অংশ ভেঙে নতুনভাবে গড়ে ওঠে। এই জটিল প্রক্রিয়া জিনগতভাবে পূর্বনির্ধারিত এবং পরিবেশের নানা উদ্দীপনার ওপর নির্ভরশীল।

রঙিন ডানার রহস্য

প্রজাপতির ডানায় ক্ষুদ্র আঁশের মতো গঠন থাকে, যেখানে আলোর প্রতিফলন ও শোষণ ঘটে। ফলে সৃষ্টি হয় চমৎকার উজ্জ্বল রঙ। এই রঙ শুধু সৌন্দর্য নয়, শিকারিদের চোখে ধোঁকা দিতে ছদ্মবেশ হিসেবেও কাজ করে। পাশাপাশি সঙ্গী আকৃষ্ট করা, নিজ প্রজাতিকে শনাক্ত করা—সবই হয় ডানার রঙের মাধ্যমে।

ডানার গঠন ও পেশির ব্যবহার প্রজাপতিকে বাতাসে ভেসে বেড়াতে, দ্রুত উড়তে ও হঠাৎ দিক পরিবর্তন করতে সাহায্য করে। কিছু প্রজাতির প্রজাপতি, যেমন মোনার্ক, প্রতিবছর কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শীতকালীন আবাসে পৌঁছে। এই দীর্ঘ অভিযানে তারা সূর্য ও বাতাসকে কম্পাস হিসেবে ব্যবহার করে।

দৃষ্টি ও দিকনির্দেশনার কৌশল

প্রজাপতির চোখে থাকে বিশেষ ফটোরিসেপ্টর, যা অতিবেগুনি রশ্মি শনাক্ত করতে পারে। ফলে খাদ্যের উৎস, সঙ্গী বা ডিম পাড়ার উপযুক্ত স্থান সহজেই খুঁজে পায় তারা।মস্তিষ্ক আকারে ছোট হলেও প্রজাপতির দিকনির্ণয় ও বেঁচে থাকার কৌশল অত্যন্ত কার্যকর।

প্রকৃতির সঙ্গে নিবিড় সংযোগ

প্রজাপতির মুখে থাকে লম্বা নলাকৃতি প্রোবোসিস, যার সাহায্যে তারা ফুলের মধু বা গাছের রস গ্রহণ করে।শুধু সৌন্দর্য নয়, বাস্তুতন্ত্রেও প্রজাপতির ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা ফুলের পরাগায়ণে সাহায্য করে, যা খাদ্যশৃঙ্খলার ভারসাম্য রক্ষায় সহায়ক।

মতামত দিন