বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আইএসএসের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে বাণিজ্যিক মহাকাশ স্টেশন ‘হেভেন–১’

নিজেস্ব প্রতিবেদক:

মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করতে বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরির কাজ শুরু করেছে মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট। ‘হেভেন–১’ নামের এই স্টেশনটি ২০২৭ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, স্টেশনটির বিভিন্ন যন্ত্রাংশ সংযোজনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রথম ধাপে চাপযুক্ত তরল সঞ্চালনব্যবস্থা স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণ লাইন, লাইফ সাপোর্ট টিউব এবং প্রপালশন সিস্টেমের পাইপলাইন বসানোর কাজও চলছে।

এই ধাপ শেষ হলে প্রকৌশলীরা প্রতিটি পাইপ ও ট্যাংকের চাপ সহনশীলতা এবং সম্ভাব্য লিক পরীক্ষা করবেন। সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে স্টেশনটিতে এভিয়নিক্স, নেভিগেশন ব্যবস্থা এবং বায়ু পরিশোধন প্রযুক্তি যুক্ত করা হবে।

হেভেন–১ এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এটি স্বয়ংসম্পূর্ণ ক্রু স্টেশন হিসেবে পরিচালিত হতে পারে। এখানে মাইক্রোগ্র্যাভিটির পরিবেশে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং শিল্পপণ্য উৎপাদনের সুযোগ থাকবে।

তবে এই প্রকল্পই ভাস্টের চূড়ান্ত লক্ষ্য নয়। হেভেন–১ মূলত ভবিষ্যতে আরও বড় মহাকাশ স্টেশন ‘হেভেন–২’ নির্মাণের প্রস্তুতি হিসেবে কাজ করবে। পরবর্তী স্টেশনটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসেবে কক্ষপথে মানুষের নিয়মিত উপস্থিতি বজায় রাখতে ভূমিকা রাখতে পারে।

ভাস্ট জানিয়েছে, তাদের ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড উৎপাদন পদ্ধতির কারণে প্রচলিত মহাকাশ কর্মসূচির তুলনায় ব্যয় প্রায় দশ গুণ কমানো সম্ভব হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ম্যাক্স হোট বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসর নেওয়ার পর মহাকাশে মানুষের উপস্থিতিতে যেন কোনো শূন্যতা তৈরি না হয়—এই লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন