বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আজ আকাশে ‘ব্লাড মুন’, দেখা যাবে বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ (মঙ্গলবার) আকাশে দৃশ্যমান হবে। এ সময় পৃথিবীর ছায়ায় ঢুকে চাঁদ লালচে বর্ণ ধারণ করবে, যা জ্যোতির্বিজ্ঞানে ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ সময় পর্যন্ত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গ্রহণ প্রক্রিয়া শুরু হবে দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে, যখন চাঁদ পৃথিবীর উপচ্ছায়ায় প্রবেশ করবে। এরপর ধাপে ধাপে গ্রহণ অগ্রসর হয়ে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে পূর্ণগ্রাস পর্যায়ে পৌঁছাবে। কেন্দ্রীয় গ্রহণ সংঘটিত হবে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে এবং গ্রহণের সর্বোচ্চ মাত্রা নির্ধারিত হয়েছে ১.১১৫।

কেন গ্রহণের সময় চাঁদ লাল দেখায়

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয় এবং সরাসরি সূর্যালোক চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে অতিক্রম করা সূর্যের আলো প্রতিসরণের মাধ্যমে চাঁদের পৃষ্ঠে পৌঁছে যায়। এ সময় স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের নীল আলো বেশি বিচ্ছুরিত হয়ে যায়, আর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো চাঁদের দিকে প্রবাহিত হয়। ফলে চাঁদ তামাটে বা রক্তিম আভায় দৃশ্যমান হয়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখানোর পেছনেও একই বৈজ্ঞানিক প্রক্রিয়া কাজ করে বলে জানিয়েছে নাসা।

বিশ্বের যেসব এলাকায় স্পষ্ট দেখা যাবে

গ্রহণের কেন্দ্রীয় গতিপথ পড়বে উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম অংশের আকাশে। এছাড়া কিংম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হাওল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ার কোসরাই দ্বীপসহ লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে গ্রহণটি সবচেয়ে পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করা যাবে।

বাংলাদেশে কখন দেখা যাবে

বাংলাদেশে চন্দ্রোদয়ের পর গ্রহণের শেষ ধাপ দৃশ্যমান হবে এবং রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত তা দেখা যাবে। বিভাগীয় শহরভেদে গ্রহণ পর্যবেক্ষণের সম্ভাব্য সময়—

  • ঢাকা : সন্ধ্যা ৬টা ০১ মিনিট ১২ সেকেন্ড

  • চট্টগ্রাম : বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড

  • সিলেট : বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড

  • রাজশাহী : সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ড

  • খুলনা : সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ড

  • বরিশাল : সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ড

  • ময়মনসিংহ : সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ড

  • রংপুর : সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ড

আইএসপিআর জানায়, রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়া অঞ্চল ত্যাগ করার মধ্য দিয়ে এ বছরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পূর্ণভাবে শেষ হবে।

মতামত দিন