হিমবাহের গভীরে ৫ হাজার বছরের পুরোনো প্রাণঘাতী জীবাণু শনাক্ত
বিজ্ঞানীরা হিমবাহের গভীরে প্রায় পাঁচ হাজার বছর ধরে জমে থাকা বরফে এক প্রাগৈতিহাসিক জীবাণু শনাক্ত করেছেন, যা আধুনিক ১০টি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। এই আবিষ্কার সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে মেরু অঞ্চলের বরফ ও পারমাফ্রস্ট দ্রুত গলছে।
গবেষকরা জানিয়েছেন, এই জীবাণুর মধ্যে এমন জেনেটিক বৈশিষ্ট্য আছে যা আধুনিক অ্যান্টিবায়োটিকের জন্মের বহু হাজার বছর আগে থেকেই অস্তিত্বে ছিল। ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এটি বর্তমানের ১০ ধরনের অ্যান্টিবায়োটিককে কার্যহীন করতে পারে। এটি প্রমাণ করে যে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেবল আধুনিক চিকিৎসার ফল নয়, বরং প্রাকৃতিক ও প্রাচীন প্রক্রিয়া হিসেবেও ঘটতে পারে।
এর আগে সাইবেরিয়ার পারমাফ্রস্টে প্রায় ৪০ হাজার বছরের পুরোনো অণুজীব পুনর্জীবিত করা সম্ভব হয়েছিল। তবে নতুন সুপারবাগ মানবস্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক, তা এখনো নিরূপণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ গলে এই জীবাণুগুলো নদী বা বাতাসের মাধ্যমে মানুষের বসতির কাছাকাছি পৌঁছাতে পারে। জেনেটিক বিশ্লেষণ অনুযায়ী, এটি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম।
বিশেষ করে তাদের জন্য এই জীবাণু ঝুঁকিপূর্ণ হতে পারে, যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম। জলবায়ুবিজ্ঞানীরা পূর্বে সতর্ক করে আসছেন, মেরু ও হিমালয়ের বরফ গলে কেবল সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি নয়, বরং এক “জৈবিক টাইম বোমা” পৃথিবীর কাছে নিয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য গবেষক দল ইতোমধ্যেই এই সুপারবাগের ডিএনএ সিকোয়েন্সিং এবং বৈজ্ঞানিক বিশ্লেষণে কাজ শুরু করেছে।
সূত্র: ডেইলি মেইল
মতামত দিন