বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

এক জোড়া বামন তারাকে ঘিরে নতুন গ্রহের সন্ধান।

একজোড়া যমজ বাদামি বামন তারাকে কেন্দ্র করে মেরু কক্ষপথে ঘুরছে এমন এক বিরল গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই ব্যতিক্রমী আবিষ্কার গ্রহ গঠনের প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

গ্রহটির নাম ২এম১৫১০(এবি)বি। এটি দুটি বাদামি বামন তারার চারপাশে এমনভাবে ঘুরছে, যেন তার কক্ষপথ তারাদের কক্ষপথের সাথে ৯০ ডিগ্রি কোণে। এমন কক্ষপথে গ্রহ আবর্তনের ঘটনা এটাই প্রথম।

এই যমজ বাদামি বামন তারাদের নাম ২এমএসএস জে১৫১০৪৭৮৬-২৮১৮১৭৪। এদের প্রত্যেকটির ভর সূর্যের মাত্র ৩ শতাংশ এবং এরা একে অপরকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় ২১ দিন। এদের পাশাপাশি আরও একটি তৃতীয় বাদামি বামন রয়েছে, যার অবস্থান প্রায় ২৫০ জ্যোতির্বিদ্যা ইউনিট দূরে।

এই তিনটি বামন তারা মিলে একটি জটিল নাক্ষত্রিক কাঠামো গঠন করেছে, যা আরগাস মুভিং গ্রুপের অন্তর্গত। এটি প্রায় ৪ কোটি ৫০ লাখ বছর পুরোনো তরুণ নক্ষত্রের সমষ্টি। এই কাঠামো গবেষকদের জন্য গ্রহ ও তারার বিবর্তন পর্যবেক্ষণে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

গবেষক ললিতা সাইরাম জানিয়েছেন, দুটি তারার কক্ষপথ একে অপরের ওপর সূক্ষ্ম প্রভাব ফেলছে। সাধারণত গ্রহগুলো তাদের হোস্ট নক্ষত্রের সমতলেই ঘুরে। এখন পর্যন্ত পরিচিত ১৬টি সার্কামবাইনারি গ্রহের প্রায় সবগুলোই এই নিয়ম মেনে চলে। কিন্তু ২এম১৫১০(এবি)বি গ্রহটি সেই ধারার ব্যতিক্রম।

এই আবিষ্কার গ্রহের উৎপত্তি ও কক্ষপথ নির্ধারণ প্রক্রিয়ার উপর নতুন আলো ফেলছে বলে মনে করছেন জ্যোতির্বিদরা।

মতামত দিন