২০২৬ সালে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে মঙ্গলবার।
আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সালে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে। এটি হবে বলয়াকার ধরনের সূর্যগ্রহণ, যাকে অনেক সময় ‘রিং অব ফায়ার’ নামেও উল্লেখ করা হয়।
জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যায় বলা হয়েছে, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থান নেয় তখন সূর্যগ্রহণ ঘটে। তবে বলয়াকার গ্রহণের ক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে কিছুটা দূরে থাকায় সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। ফলে সূর্যের চারপাশে আগুনের বৃত্তের মতো উজ্জ্বল অংশ দৃশ্যমান হয়। ধারণা করা হচ্ছে, এ গ্রহণে সূর্যের প্রায় ৯৬ শতাংশ অংশ চাঁদের আড়ালে থাকবে।
বাংলাদেশ বা ভারত থেকে গ্রহণটি দেখা যাবে কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট মহাকাশ গবেষণা সংস্থাগুলো জানিয়েছে, গ্রহণের সময় সূর্য দক্ষিণ এশিয়ার আকাশে দৃশ্যমান থাকবে না। সে কারণে এ অঞ্চলের মানুষ সরাসরি এটি দেখতে পারবেন না। গ্রহণটি মূলত দক্ষিণ গোলার্ধে দেখা যাবে।
অ্যান্টার্কটিকার বিভিন্ন গবেষণা কেন্দ্র থেকে এ বলয়াকার গ্রহণ সবচেয়ে পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। এছাড়া আফ্রিকার তানজানিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়ের কিছু অংশে আংশিক গ্রহণ দেখা যেতে পারে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলির নির্দিষ্ট এলাকাতেও আংশিকভাবে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সুযোগ থাকবে।

মতামত দিন