শব্দতরঙ্গে ওজন কমানোর সম্ভাবনা, দাবি জাপানি বিজ্ঞানীদের।
ওজন বৃদ্ধি নিয়ে যখন দুশ্চিন্তায় ভুগছেন অনেকে, ঠিক তখনই নতুন আশার খবর দিলেন জাপানের একদল গবেষক। তাঁদের দাবি, শব্দতরঙ্গের মাধ্যমে শরীরের চর্বি জমার প্রক্রিয়া রোধ করা সম্ভব হতে পারে।
গবেষণার প্রধান বিজ্ঞানী মাসাহিরো কুমেটা জানিয়েছেন, শব্দতরঙ্গ যেহেতু যান্ত্রিক তরঙ্গ এবং তা বায়ু, পানি কিংবা টিস্যুর ভেতর দিয়ে চলাচল করতে পারে, তাই তারাই একধরনের বিশেষ সিস্টেম তৈরি করেছেন যা কোষের ওপর এই তরঙ্গ প্রয়োগ করতে পারে। এতে কোষের কার্যকলাপে পরিবর্তন দেখা যাচ্ছে।
গবেষণায় ইঁদুরের পেশিকোষে শব্দতরঙ্গ প্রয়োগ করে আশ্চর্যজনক ফল পাওয়া গেছে। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ৪২টি জিনের আচরণ বদলে যায় এবং ২৪ ঘণ্টার মধ্যে তা বেড়ে দাঁড়ায় ১৪৫টিতে। বিশ্লেষণে দেখা যায়, শব্দতরঙ্গ চর্বি কোষে রূপান্তরের প্রক্রিয়াটি কার্যকরভাবে বন্ধ করে দিতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, শব্দতরঙ্গের ফ্রিকোয়েন্সি, তীব্রতা এবং তরঙ্গের ধরন অনুসারে কোষের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে এবং কোষের ধরনভেদেও ভিন্ন ফলাফল দেখা যায়। গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে এটি ওজন কমানোর একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত হতে পারে।
প্রসঙ্গত, বর্তমানে শব্দতরঙ্গ-ভিত্তিক অ্যাকুস্টিক ওয়েভ থেরাপি ব্যবহৃত হচ্ছে ব্যথা এবং নরম টিস্যুর চিকিৎসায়। সেই অভিজ্ঞতাই এবার বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছে শব্দ ব্যবহার করে শরীরের চর্বি জমার প্রক্রিয়া বন্ধ করার পদ্ধতি উদ্ভাবনে।
মতামত দিন