আইফোন ১৮ প্রো ঘিরে নতুন গুঞ্জন।
অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় আলোচনা শুরু হয়ে গেছে সময়ের অনেক আগেই। সম্ভাব্য আইফোন ১৮ প্রো কী ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে—তা ঘিরে ফাঁস হওয়া তথ্যগুলো ক্রমেই আগ্রহ বাড়াচ্ছে ব্যবহারকারী ও বিশ্লেষকদের মধ্যে।
এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে প্রযুক্তিবিষয়ক ইউটিউব চ্যানেল ‘ফ্রন্ট পেজ টেক’। চ্যানেলটির উপস্থাপক জন প্রোসার সম্প্রতি এক ভিডিওতে আইফোন ১৮ প্রোয়ের সম্ভাব্য ডিজাইন ও ফিচার নিয়ে একাধিক দাবি তুলে ধরেন।
তার ভাষ্য অনুযায়ী, অ্যাপল তাদের পরিচিত ডাইনামিক আইল্যান্ড ডিজাইন থেকে সরে আসার কথা ভাবছে। পরিবর্তে ডিসপ্লেতে ছোট আকারের পাঞ্চ-হোল কাটআউট যুক্ত হতে পারে। একই সঙ্গে ফেস আইডি সেন্সরকে ডিসপ্লের নিচে স্থানান্তরের প্রযুক্তিতে অ্যাপল বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে।
ডিজাইনের দিক থেকে ফোনটি পুরোপুরি নতুন রূপ না পেলেও আগের প্রো সিরিজের তুলনায় আরও পরিশীলিত চেহারার হতে পারে। ক্যামেরা আইল্যান্ডের নকশায় পরিবর্তন এনে ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেওয়ার পরিকল্পনাও থাকতে পারে।
হার্ডওয়্যার অংশে আইফোন ১৮ প্রোতে এ২০ প্রো চিপ ব্যবহারের গুঞ্জন রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার আরও কার্যকরভাবে চালানোর জন্য র্যাম বাড়িয়ে ১৬ জিবি পর্যন্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংযোগ ব্যবস্থায় উন্নতির লক্ষ্যে অ্যাপল তাদের নিজস্ব সি২ মডেম যুক্ত করতে পারে। এর ফলে ইন্টারনেট গতি ও নেটওয়ার্ক স্থিতিশীলতা আরও উন্নত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ক্যামেরা বিভাগেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আলো নিয়ন্ত্রণে আরও দক্ষতার জন্য প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, যা ইতোমধ্যে কিছু অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপে ব্যবহৃত হচ্ছে।
রঙের ক্ষেত্রেও নতুনত্ব আনতে পারে অ্যাপল। ফাঁস হওয়া তথ্যে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পল রঙে আইফোন ১৮ প্রো আসার ইঙ্গিত পাওয়া গেছে।
তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। অ্যাপলের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসা পর্যন্ত আইফোন ১৮ প্রো নিয়ে এসব বিষয়কে গুঞ্জন হিসেবেই বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন